ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনা: চালকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে প্রাণ হারালেন ভ্যানচালক, আহত একাধিক যাত্রী।

টুইট প্রতিবেদক কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক মনির হোসেন (৪৯) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন এবং ভ্যানচালক মনির হোসেন গুরুতরভাবে আহত হয়ে গাড়ির ভেতর আটকা পড়ে যান।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মনির হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।