হজক্যাম্পে চুরি: দুই জন গ্রেপ্তার

উদ্ধার সাড়ে ১৭ হাজার রিয়াল, মূলহোতা পলাতক।
টুইট ডেস্ক: রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রীর অর্থ চুরির ঘটনায় যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিচালিত অভিযানে চুরি হওয়া অর্থের বড় অংশ,সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল ও ৯০ হাজার টাকা,উদ্ধার করা হয়েছে।
শুক্রবার হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। তারা চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল। হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর বেশে এক ব্যক্তি কৌশলে ব্যাগ থেকে অর্থ নিয়ে পালিয়ে যায়, যা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
তদন্তের ধারাবাহিকতায় প্রথমে মতলব এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী এলাকা থেকে নাদিমকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চক্রের মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের নাম।
পরবর্তীতে মান্নানের সংশ্লিষ্ট বাসাগুলোতে অভিযান চালিয়ে তার আত্মীয়ের বাসা থেকে ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং আরেকটি বাসা থেকে ৯০ হাজার টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় মান্নান পালিয়ে যায় এবং এখনো পলাতক রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে সৌদি আরবে অবস্থানরত ভুক্তভোগী ইমান আলী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।






