বৃষ্টির ধাক্কায় চড়া সবজির বাজার, কাঁচা মরিচে ‘দাম সেঞ্চুরি’

সরবরাহ কমায় বেড়েছে দাম, নাভিশ্বাস ক্রেতাদের; স্থির আয়ের মানুষ সবচেয়ে বিপাকে

টুইট ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে থেমে থেমে বৃষ্টির প্রভাবে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্ন ও স্থির আয়ের মানুষের ওপর।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম আরও বেড়ে “সেঞ্চুরি” অতিক্রম করেছে।
বাজারে চিকন বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, আর বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে। কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।

এছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচা মরিচের দাম। বাজারে এটি কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৬০ থেকে
৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
এদিকে মুরগির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে যেতে দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি সবজির অস্বাভাবিক দামে সংসার খরচও বেড়ে গেছে। এক কেজি বেগুন কিনতেই এখন প্রায় দেড়শো টাকা গুনতে হচ্ছে-যা সাধারণ মানুষের জন্য চাপ তৈরি করছে।
অন্যদিকে বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। পরিবহন ও সংগ্রহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় সেগুলোর দাম স্বাভাবিকভাবেই বেশি।

ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং বাজার কিছুটা স্থিতিশীল হবে।