মে মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

টুইট ডেস্ক: দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে নতুন মাসেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন আগের নির্ধারিত দরে বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বহাল থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার আগামী ১ মে থেকেও কার্যকর থাকবে।

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্তে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে তাৎক্ষণিক কোনো প্রভাব না পড়লেও, আন্তর্জাতিক বাজারের ওঠানামা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।