ডিজাবে আলমগীর সভাপতি, মাসুম সম্পাদক

দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব; প্রতিরক্ষা সাংবাদিকতায় দক্ষতা ও আধুনিকায়নের ওপর জোর।

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চ্যানেল আই-এর জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম। নতুন এই নেতৃত্বকে ঘিরে সংগঠনের কার্যক্রমে গতি ও পেশাগত উৎকর্ষ বাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের তুলনায় ছোট করে ১১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়, যা সংগঠনের কার্যকারিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি হয়েছেন জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু এবং দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) কামাল হোসেন তালুকদার। এছাড়া আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ মিজান।

নির্বাহী সদস্য পদে রয়েছেন আয়নাল হোসেন, এস এম মিন্টু ও মনি আচার্য্য।

নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে তিন সদস্যের কমিশন, যার প্রধান ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। কমিশনের অন্য সদস্য ছিলেন মাসুদ করিম ও নেসারুল হক খোকন। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কমিটির সভাপতির সভাপতিত্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের নিরাপত্তা, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রতিরক্ষা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদন সময়ের দাবি,1নতুন নেতৃত্ব সেই জায়গায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা।