ভোজ্যতেলে দাম বাড়ল, লিটারে ৪ টাকা বৃদ্ধি

সয়াবিন তেলে নতুন দর কার্যকর, সরবরাহ স্বাভাবিক রাখার আশা সরকারের।

টুইট ডেস্ক: দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলের মূল্য ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খোলা (লুজ) সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে প্রতিকূল পরিস্থিতির কারণে আমদানিনির্ভর পণ্যের মূল্য বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশীয় বাজারে। বিশেষ করে সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের ওঠানামা স্থানীয় বাজারে দ্রুত প্রতিফলিত হচ্ছে।

তিনি আরও জানান, রমজান মাস থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। সরকার আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ পর্যালোচনা করে আংশিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বৃদ্ধির পরিবর্তে সীমিত সমন্বয় করা হয়েছে।

সরকার আশা করছে, নতুন এই মূল্য নির্ধারণে একদিকে যেমন রিফাইনারদের লোকসান কিছুটা কমবে, অন্যদিকে বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে। পাশাপাশি খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং জোরদারের কথাও জানানো হয়েছে।

এদিকে সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেন, বর্তমান মূল্য কাঠামোতেও তাদের পুরো খরচ সমন্বয় হচ্ছে না। আন্তর্জাতিক বাজারদর, পরিবহন ব্যয়, খালাস ও প্রক্রিয়াজাতকরণ খরচ যুক্ত করেই মূল্য নির্ধারণ করা হয় এবং এই প্রক্রিয়া স্বচ্ছ বলেও তারা উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিনির্ভর এই খাতে চাপ তৈরি হয়েছে। এ বাস্তবতায় আমদানিকারক ও রিফাইনারদের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর সরকার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের ভোজ্যতেল বাজারেও চাপ অব্যাহত থাকতে পারে, যা সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে।