ট্রাকভর্তি ভিজিডির চাল জব্দে ডাসারে চাঞ্চল্য

৪২২ বস্তা সরকারি চালসহ আটক যান, তদন্তে প্রশাসন,দরিদ্রদের বরাদ্দ বেহাতের অভিযোগ ঘিরে উত্তেজনা।
টুইট প্রতিবেদক: মাদারীপুরের ডাসারে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভাঙ্গাব্রীজ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়।
খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী, জব্দকৃত চালটি ভিজিডি কর্মসূচির বিশেষ মানসম্পন্ন খাদ্যশস্য, যা পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ উপাদান সংযোজন করে প্রস্তুত করা হয়। এসব চাল বাজারে বিক্রি বা বাণিজ্যিকভাবে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
জব্দ হওয়া চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী।
তিনি জানান, চালটি গোপালগঞ্জে পাঠানোর উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল এবং চালক ভুলভাবে অনুমতি ছাড়া চাল বের করেছেন বলে তিনি স্বীকার করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল কীভাবে বিপুল পরিমাণে ব্যক্তির হাতে পৌঁছালো, তা খতিয়ে দেখা জরুরি।
তাদের মতে, এর পেছনে একটি চক্র জড়িত থাকতে পারে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, জব্দকৃত ট্রাক ও চাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।






