প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি

ব্রিটিশ ও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আশাবাদ।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ব্রিটিশ ও মার্কিন প্রতিনিধিদলের পৃথক বৈঠক। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এসব সাক্ষাতে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সম্প্রসারণ, সক্ষমতা উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
একই দিনে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্ভাব্য উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
বিশেষ করে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সামরিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির সুযোগগুলো গুরুত্ব পায়।
মার্কিন প্রতিনিধিদলে ঢাকাস্থ দূতাবাসের সামরিক গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন এবং আঞ্চলিক কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা মাইকেল রেমবোল্ডসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে অংশগ্রহণকারী সব পক্ষই বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, এসব বৈঠক বাংলাদেশের বহুমুখী প্রতিরক্ষা কূটনীতিকে আরও গতিশীল করবে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।






