জাপানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা প্রধানমন্ত্রীর।

বিনিয়োগ, কর্মসংস্থান ও কৃষি-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে জোর; রোহিঙ্গা সংকটে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস।

টুইট যুদ্ধে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশ জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বাড়ানো এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে এই সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।

বর্তমান সরকারের অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিকস ও মোটরগাড়ি শিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে প্রশিক্ষিত কর্মী পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরলে জাপানি প্রতিনিধি দল তা ইতিবাচকভাবে গ্রহণ করে।

বৈঠকে জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী এসব প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাপানের পক্ষ থেকে ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা জানানো হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবর্তনের ওপর জোর দেন।

সাক্ষাৎ শেষে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাসহ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।