অতিবর্ষণে দুর্ভোগ চরমে, ত্রাণে জরুরি হস্তক্ষেপের দাবি

বন্যা আশঙ্কায় উদ্বেগ; ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের প্রতি আহ্বান জামায়াতের।

টুইট ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

এতে কৃষিজমি, গবাদিপশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি জানান, অনেক এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি ঢুকে পরীক্ষার্থীরা মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সময়মতো বাঁধ সংরক্ষণ ও সংস্কার করা হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল প্রস্তুতি ও অব্যবস্থাপনাই বর্তমান দুর্ভোগকে তীব্র করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অবিলম্বে দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিশেষ প্রণোদনা ও দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ টেকসইভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণে কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেষে তিনি দেশবাসী, সামাজিক সংগঠন এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই সংকটকালে মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।