মধুপুর বনে ঝুলন্ত লাশ উদ্ধার

পরিচয়হীন যুবকের মরদেহ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ।
টুইট প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে গভীর বনাঞ্চল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা সামনে আসে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন থেকে লাকড়ি সংগ্রহ করতে যাওয়া কয়েকজন নারী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। ভয় পেয়ে তারা দ্রুত বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানালে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়।
পরে খবর পেয়ে মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধার অভিযানে ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেলসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল,তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, নির্জন বনাঞ্চলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত রহস্য উদ্ঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।






