হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৭৬; মার্চ থেকে মৃত্যু বেড়ে ২৭৩
টুইট ডেস্ক: সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরও ২২৬ জন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৬ জন। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এমন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৬৬২।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৩ জন। ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে জনস্বাস্থ্য খাতে। বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।






