একদিনে হামে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৫৬৪ শিশু, বাড়ছে উদ্বেগ।
টুইট ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। মারা যাওয়া ৮ শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪৩ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২১৬ শিশু।
মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা। বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে ১০২ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩২ হাজার ২৮ শিশু, আর নিশ্চিত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থার জোরদার তদারকি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।






