গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে মহানগর ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে গণমিছিল শুরু হয়। মিছিলটি কুমারপাড়া মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, মনি চত্বর, রাজশাহী কলেজ, লোকনাথ স্কুলের সামনে ও সোনাদিঘী মোড় হয়ে বাটার মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে টালবাহানা করছে।

তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন—দাবি মানা না হলে সরকারকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে বক্তারা বলেন, বিশ্ববাজারে সংকট না থাকলেও দেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ তেল পাচ্ছে না। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, “খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নেই”—এমন পরিস্থিতিতে জনগণকে সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, ক্যাম্পাসে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বাড়ছে, যা উদ্বেগজনক।

সমাবেশে নেতারা আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আগের “ফ্যাসিবাদী সরকারের” পতন ঘটেছে, তাই বর্তমান সরকারের পতনও বেশি সময় নেবে না।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।