ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

উচ্ছেদ চেষ্টায় উদ্বেগ, তদন্তে কমিটি, শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীন বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় দীর্ঘদিনের বসতবাড়ি থেকে মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের চেষ্টাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন প্রশাসক। তিনি বলেন, রাজশাহী একটি শান্তিপ্রিয় নগরী, যেখানে সবাই একটি পরিবারের মতো বসবাস করে। এই পরিবারের কোনো অংশকে হঠাৎ করে আঘাত করা সমীচীন নয়।
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন আরও জানান, জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হবে। তারা ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ বের করবে।
তিনি আরও বলেন, ভূমি বিষয়ক এই জটিলতায় সরকারের উচ্চপর্যায়ও অবগত রয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সমস্যার সমাধানে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসকের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নগরায়ণের চাপে ভূমি সংকট বাড়লেও মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে এমন সংকটের টেকসই সমাধান জরুরি।
পাবনাপাড়ার ঘটনাটি রাজশাহীর নগর ব্যবস্থাপনায় মানবিকতা ও আইনগত ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।






