মে দিবসে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ

প্রধান অতিথি তারেক রহমান; শ্রমিক অধিকার ইস্যুতে আন্দোলন জোরদারের বার্তা।
টুইট প্রতিবেদক: মহান মে দিবসকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বড় রাজনৈতিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখবেন।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনো পূরণ হয়নি।
এসব দাবি আদায়ে শ্রমিক দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে। তিনি শ্রমজীবী মানুষকে দেশের উৎপাদনশীল শক্তি উল্লেখ করে বলেন, “শ্রমিকরা সহানুভূতির নয়, বরং প্রাপ্য সম্মানের দাবিদার।”
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় থাকা অবস্থায়ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিএনপির নির্বাচনী অঙ্গীকারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নেওয়া কিছু ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি ঋণ মওকুফ ও শ্রম আইন সংশোধনের উদ্যোগের কথা উল্লেখ করেন, তবে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মত দেন।
সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মে দিবস শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামে নতুন গতি যোগ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






