যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা

প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকিকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
টুইট ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক আলোচনার পথ এখনও বাধাগ্রস্ত।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, আলোচনার অগ্রগতিতে তিনটি প্রধান বাধা কার্যকরভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে,প্রতিশ্রুতি ভঙ্গ, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হুমকি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান সবসময়ই সংলাপ ও সমঝোতার পক্ষপাতী এবং এ প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছে। তবে বাস্তবতা হলো, আস্থা সংকটই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে একদিকে আলোচনার কথা বলা হলেও অন্যদিকে নীতি ও আচরণের মধ্যে রয়েছে স্পষ্ট বৈপরীত্য, যা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করছে।
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আলাদা এক বার্তায় কড়া অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, নৌ অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো পরিস্থিতি চলতে থাকলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব নয়।
একইসঙ্গে হরমুজ প্রণালি খোলার প্রশ্নও বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় আসছে না বলে জানান তিনি।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে জটিল করে তুলতে পারে।






