সংসদে বীরত্বের স্বীকৃতি

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারি, মুক্তিযুদ্ধের ইতিহাস পেল প্রাতিষ্ঠানিক মর্যাদা।
টুইট প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পরামর্শে দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে সংসদ প্রাঙ্গণে স্বাধীনতার বীরত্বগাথা স্থায়ীভাবে সংরক্ষণের নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বে ফুল ও নদীর নামে পরিচিত গ্যালারিগুলোর নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
নতুন নামকরণ অনুযায়ী গ্যালারি-৩ এর নামকরণ করা হয়েছে মুন্সী আব্দুর রউফ–এর নামে, গ্যালারি-৪ মতিউর রহমান, গ্যালারি-৫ মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ মোহাম্মদ মোস্তফা কামাল,এর নামে নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভিআইপি গ্যালারি-১ এর নামকরণ করা হয়েছে মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে এবং ভিআইপি গ্যালারি-২ হামিদুর রহমানের নামে। গ্যালারি-১ ও ২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকছে।
সরকারি মহল মনে করছে, এই নামকরণের মাধ্যমে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃশ্যমান হবে এবং নতুন প্রজন্ম সরাসরি বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে এটি রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বীরশ্রেষ্ঠদের নাম যুক্ত হওয়ায় জাতীয় পরিচয় ও ইতিহাসচর্চা আরও শক্তিশালী হবে।
এটি কেবল নাম পরিবর্তন নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে প্রাতিষ্ঠানিকভাবে ধারণ করার একটি প্রতীকী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।






