জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন

ফাহমিদা হক বিএনপির নারী আসনের তালিকায় নতুন চমক।

টুইট প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন টকশো *‘তৃতীয় মাত্রা’*র উপস্থাপক ও পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক। সোমবার (২০ এপ্রিল) রাতে দলটির ঘোষিত চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

ফাহমিদা হক বর্তমানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও বেড়ে উঠেছেন ঢাকায়।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের একটি তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এতে অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় রাখা হয়েছে। তালিকায় সাবেক সংসদ সদস্য রয়েছেন ১০ জন।

ঘোষণার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দুদিনব্যাপী সাক্ষাৎকার শেষে এই তালিকা অনুমোদন করেন।

এবারের তালিকায় একাধিক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি লক্ষ করা গেছে। এর মধ্যে রয়েছেন,নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার সাকিলা ফারজানা, শিরীন সুলতানা এবং বীথিকা বিনতে হুসাইন।

তবে তালিকা প্রকাশের পরই বিতর্কও শুরু হয়েছে। বিশেষ করে সুবর্ণা সিকদারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, তিনি আওয়ামী লীগের একটি কমিটিতে যুক্ত ছিলেন। যদিও এ বিষয়ে তিনি দাবি করেছেন, তার সম্মতি ছাড়াই ওই পদে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সামগ্রিকভাবে, বিএনপির এই নারী মনোনয়ন তালিকা দলীয় কৌশল, পারিবারিক প্রভাব এবং নতুন নেতৃত্বের সমন্বয়ের একটি প্রতিচ্ছবি হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।