আওয়ামী লীগ নেত্রী বিএনপির সংরক্ষিত আসনের প্রার্থী: তীব্র বিতর্ক

গোপালগঞ্জে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য, সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে প্রশ্নের ঝড়।

টুইট প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের এক নেত্রীর বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে দলীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার (ঠাকুর) সম্প্রতি বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

দলীয় নথি অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার নাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে তালিকাভুক্ত ছিল।

অন্যদিকে, বিএনপি সম্প্রতি সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ২০ নম্বর অবস্থানে তার নাম রয়েছে বলে জানা গেছে।

এই দ্বৈত রাজনৈতিক পরিচয়ের বিষয়টি সামনে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে,একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী কীভাবে বিএনপির মনোনয়ন পেলেন এবং দলীয় যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি কীভাবে অন্তর্ভুক্ত হলো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মনোনীত প্রার্থী সুবর্ণা শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও দলীয় মনোনয়ন যাচাই ব্যবস্থার দুর্বলতা হিসেবে দেখছেন।