সংরক্ষিত নারী আসনে ইতিহাস গড়লেন আন্না মিঞ্জ

স্বাধীনতার পর প্রথমবার ওরাওঁ নৃ-গোষ্ঠীর প্রতিনিধি জাতীয় সংসদে, বিএনপির মনোনয়নে অন্তর্ভুক্তির নতুন বার্তা।

টুইট প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোর নওগাঁ অঞ্চলের জন্য ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আন্না মিঞ্জকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো কোনো ওরাওঁ নারী জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন, যা রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্না মিঞ্জ বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রামস) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ সমতার মতো বৈশ্বিক ইস্যুতে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই উন্নয়ন বিশেষজ্ঞ এর আগে কারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশসহ বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দলীয় সূত্র জানায়, তার মনোনয়ন শুধু রাজনৈতিক হিসাব নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার কৌশলগত সিদ্ধান্ত।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং সামাজিক অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে।

আন্না মিঞ্জ ‘ন্যাশনাল কোয়ালিশন অফ ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই মনোনয়নকে আদিবাসী অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর চাপও তৈরি করবে।

স্থানীয় ও আদিবাসী নেতারা আন্না মিঞ্জের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ওঠার সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন।