সংরক্ষিত আসনে রনির মনোনয়ন

সংরক্ষিত আসনে বিএনপির ভরসা তরুণ নেতৃত্বে, বগুড়ায় উচ্ছ্বাস।
টুইট প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দিয়েছে বগুড়ার নেত্রী সুরাইয়া জেরিন রনিকে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই বিবেচনায় মাঠপর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত সুরাইয়া জেরিন রনিকে বেছে নেওয়া হয়েছে।
বিষয়টি দলটির ভেতরে প্রজন্মভিত্তিক নেতৃত্ব গঠনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
বর্তমানে তিনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রীর দীর্ঘদিনের সংগঠনিক সম্পৃক্ততা তাকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি কাড়ে। দলীয় কঠিন সময়েও রাজপথে উপস্থিতি তাকে একটি গ্রহণযোগ্য মুখে পরিণত করেছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন রনি বলেন, ত্যাগী কর্মীদের মূল্যায়নেই দল এগিয়ে যাচ্ছে। তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাবেন।
এদিকে, তার মনোনয়ন ঘোষণার পর বগুড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যায়ে এটি সংগঠনকে আরও গতিশীল করবে বলে মনে করছেন নেতারা।






