রোজিনার পরিচালনায় ‘এখনই সময়’, নতুন গল্পে ফেরার প্রস্তুতি

জন্মদিনে দ্বিতীয় সিনেমার ঘোষণা, বাজেট ও শিল্পী চূড়ান্তে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান এই নায়িকা।
টুইট ডেস্ক: চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল উপস্থিতি রাখা নন্দিত অভিনেত্রী রোজিনা এবার পরিচালনায় নিজের অবস্থান আরও দৃঢ় করতে যাচ্ছেন।
তার দ্বিতীয় পরিচালিত সিনেমা ‘এখনই সময়’ নির্মাণের প্রস্তুতি চলছে, যেখানে সমসাময়িক জীবনের গল্পকে কেন্দ্র করে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির কাহিনি লিখছেন ছটকু আহমেদ। রোজিনার ভাষ্য অনুযায়ী, ‘এখনই সময়’ মূলত বর্তমান সমাজ ও জীবনের প্রতিচ্ছবি,যেখানে প্রেম, ভালোবাসা এবং মানবিক টানাপোড়েনের নানা দিক উঠে আসবে। তিনি মনে করেন, চলচ্চিত্র বাস্তবতারই রূপান্তর; তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক উপাদান যুক্ত হওয়াই স্বাভাবিক।
পরিচালক হিসেবে নিজের দ্বিতীয় কাজ নিয়ে রোজিনা বলেন, গল্প নির্বাচন থেকে শুরু করে নির্মাণের প্রতিটি ধাপে তিনি সতর্কভাবে এগোচ্ছেন। বিশেষ করে বাজেট নির্ধারণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরেই সিনেমাটির শুটিং শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে অভিনয়শিল্পী নির্বাচন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মুক্তি পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে রোজিনার। দীর্ঘ বিরতির পর সেই সিনেমায় অভিনয়ও করেছিলেন তিনি। নতুন সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা আরও বেশি,নিজের ভাষায়, আগের কাজের তুলনায় ‘এখনই সময়’-এর গল্প আরও শক্তিশালী ও আকর্ষণীয়।
এদিকে আজ এই বরেণ্য শিল্পীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও দিনের প্রথম প্রহরটি পরিবারের সঙ্গে উদযাপন করেছেন তিনি। রাত ১২টায় কেক কেটে জন্মদিনের সূচনা করেন।
দিনের বাকি সময়টুকু তিনি ব্যক্তিগত ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন, যেন সুস্থ থেকে আরও ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারেন।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় চুক্তিবদ্ধ হন রোজিনা।
১৯৭৮ সালে মুক্তির পর ছবিটির সাফল্য তাকে শীর্ষ নায়িকার আসনে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এরপর ‘জীবনধারা’ ও ‘দিনকাল’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।
দীর্ঘ অভিজ্ঞতা আর নতুন ভাবনার সমন্বয়ে ‘এখনই সময়’ সিনেমাটি রোজিনার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।






