শাহবাজ,পেজেশকিয়ান ফোনালাপেও অনিশ্চিত ইসলামাবাদ বৈঠক

আঞ্চলিক শান্তি নিয়ে আশ্বাস দিলেও যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার সময়সূচি ঘিরে ধোঁয়াশা

টুইট প্রতিবেদক: ইসলামাবাদে সম্ভাব্য বহুপক্ষীয় বৈঠক ঘিরে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রোববার এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ করেছেন।

তবে আলোচনার পরবর্তী ধাপ বা নির্ধারিত বৈঠকের সময়সূচি নিয়ে এখনো স্পষ্ট কোনো অগ্রগতি পাওয়া যায়নি।

পাকিস্তান সরকারের বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ “সৎ ও আন্তরিক প্রচেষ্টা” অব্যাহত রাখবে বলে ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন শাহবাজ শরিফ। একই সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে ইরানের অংশগ্রহণের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগকে ইরানকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে প্রায় ৪৫ মিনিটের এই ফোনালাপে সম্ভাব্য পরবর্তী দফা আলোচনার সময় বা স্থান নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার অংশ হিসেবে একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। তবে তেহরান এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে কিছু সূত্রে বলা হয়েছিল, ইরানি একটি প্রতিনিধি দল মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাতে পারে।

তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য বৈঠক ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ছে।

আঞ্চলিক কূটনৈতিক অস্থিরতার এই সময়ে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে নজরে এসেছে আন্তর্জাতিক মহলে।