পাকিস্তানে বৈঠকের খবর ‘ভিত্তিহীন’, বলছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার গুঞ্জন উড়িয়ে দিল তেহরান; অগ্রগতিতে বাধা অবরোধ ও ‘দ্বৈত অবস্থান’
টুইট ডেস্ক: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য নতুন দফা বৈঠক নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, এমন কোনো বৈঠকের তথ্য ‘সত্য নয়’ এবং এ ধরনের প্রচার বিভ্রান্তিকর।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্যই চলমান কূটনৈতিক অচলাবস্থার মূল কারণ। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের বন্দরগুলোতে মার্কিন অবরোধ ও ধারাবাহিক হুমকিমূলক অবস্থান আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় ইরানি গণমাধ্যম উল্লেখ করে, বর্তমান পরিস্থিতিতে কোনো ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা ‘উজ্জ্বল নয়’। তবে ওই বার্তায় নির্দিষ্ট কোনো সরকারি কর্মকর্তা বা দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়নি, যা বিষয়টিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-সংশ্লিষ্ট একাধিক গণমাধ্যমও সম্ভাব্য বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।
এতে করে আলোচনায় তেহরানের অবস্থান নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে এখনো পর্যন্ত ইরানের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাননি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ আদৌ এগোবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।






