হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা

আবাসিক ভবনে সরাসরি আঘাত, আহত অন্তত ৪; সংঘাত আরও তীব্রতার ইঙ্গিত।

টুইট প্রতিবেদক: ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাতে একটি বহুতল আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় অন্তত চারজন ইসরাইলি নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে জরুরি চিকিৎসা সেবা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি সরাসরি ভবনের ওপর আঘাত হানলে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে এবং ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলমান ইরান,ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হাইফার মতো কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি হামলা সংঘাতের বিস্তৃতি ও গভীরতা বাড়ার ইঙ্গিত বহন করছে।

এতে বেসামরিক জনগোষ্ঠীর নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বাড়ছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো দৃশ্যমান কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং বৃহত্তর সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।