রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান শুরু আগামীকাল

সোমবার থেকে নগরজুড়ে ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রশাসক রিটন।
টুইট প্রতিবেদক: আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। জনস্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে রক্ষায় এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৮টায় নগর ভবনের পশ্চিমে অবস্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে নগর এলাকার ঝুঁকিপূর্ণ শিশুদের আওতায় এনে হাম ও রুবেলা নির্মূলে কার্যকর অগ্রগতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্পেইন জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়।
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্মসূচিটি সফল করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের উপস্থিতি বিশেষভাবে প্রত্যাশা করা হয়েছে।






