প্রবাসী বিনিয়োগে গতি পাচ্ছে অর্থনীতি

উন্নয়নে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর, নারীর অগ্রগতির প্রশংসা ব্রিটিশ মেয়রের।

টুইট ডেস্ক:: অর্থনীতি ক্রমেই আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা প্রেরণেই নয়, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রোববার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রবাসীদের দেশের ‘অমূল্য সম্পদ’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বেশি বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্য গণতন্ত্রের সূতিকাগার হিসেবে বিশ্বে সুপরিচিত। সেখানে বসবাসরত বাংলাদেশিরা অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের নীতি-নির্ধারণ ও উন্নয়ন প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব বলেও তিনি মত দেন।

সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা যে অগ্রগতি অর্জন করেছেন, তা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত। ভবিষ্যতে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।