কূটনৈতিক টানাপোড়েন হরমুজ প্রণালির

ইরানকে তলব করল ভারত, নৌপথ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
টুইট প্রতিবেদক: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শনিবার এ ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়ে নয়াদিল্লি জানায়, ভারতীয় পতাকাবাহী একাধিক জাহাজকে লক্ষ্য করে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া ওই ঘটনায় দুইটি ভারতীয় পতাকাবাহী জাহাজও জড়িত ছিল। গুলিবর্ষণের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একাধিক বাণিজ্যিক জাহাজকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বৈঠকে ভারতের পক্ষ থেকে ঘটনার বিষয়ে “গভীর উদ্বেগ” স্পষ্টভাবে জানানো হয়।
এর আগে ভারত জানায়, একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাঙ্কারসহ কয়েকটি বাণিজ্যিক জাহাজ গুলিবর্ষণের মুখে হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য হয়।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ বাড়ছে।
নয়াদিল্লি আরও জানায়, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।
একই সঙ্গে অতীতে ভারতগামী জাহাজের নিরাপদ চলাচলে ইরানের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানকে দ্রুত উদ্যোগ নিয়ে ভারতীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল পুনরায় স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং হরমুজ প্রণালির সামগ্রিক নৌনিরাপত্তা পরিস্থিতির ওপরও নতুন চাপ সৃষ্টি করতে পারে।






