তেলের দামে বড় ঝাঁকুনি: গড়ে ১৬ শতাংশ বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে ডিজেল, পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধি; মধ্যরাত থেকেই কার্যকর।
টুইট ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন নির্ধারিত মূল্য শনিবার (১৮ এপ্রিল) মধ্যরাত ১২টার পর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অকটেনের মূল্য ১২০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩৫ টাকা।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বাজারে ভর্তুকির চাপ বাড়ছিল। এই প্রেক্ষাপটে মূল্য সমন্বয়ের মাধ্যমে আর্থিক চাপ কমানোর কৌশল নিয়েছে সরকার।
বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাত, কৃষি উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে সামগ্রিকভাবে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি হতে পারে।
এদিকে ভোক্তাদের মধ্যে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে গণপরিবহন ভাড়া বৃদ্ধি এবং বাজারে পণ্যমূল্য ঊর্ধ্বগতির প্রবণতা দেখা দেয়। কারন এটি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিবে।
সরকার বলছে, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় অব্যাহত থাকতে পারে, তবে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।






