ওয়াকআউট কমাতে আহ্বান স্পিকারের

সংসদ কার্যকর রাখতে বিরোধী দলকে সংযত থাকার বার্তা, সমন্বয়ের ওপর জোর স্পিকারের।
টুইট ডেস্ক: জাতীয় সংসদে কারণে-অকারণে ওয়াকআউট পরিহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদের কার্যক্রম গতিশীল রাখতে সরকারি দলকে বিরোধীদের জন্য পর্যাপ্ত কাজের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান স্পিকার। তিনি বলেন, ওয়াকআউট বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হলেও দীর্ঘ সময় সংসদ বয়কট করলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হয়।
স্পিকার আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখা এখন সময়ের দাবি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হলে অতীতে যেসব শক্তি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, তারা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।
গত দেড় দশককে দেশের রাজনৈতিক ইতিহাসের ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সে সময়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এবং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তি যেন গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা না করে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সব রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম ঐকমত্য বজায় থাকবে,এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে কার্যকর বিরোধী ভূমিকা নিশ্চিত করতে ওয়াকআউটের বদলে গঠনমূলক অংশগ্রহণ বাড়ানোই হতে পারে গণতন্ত্রের জন্য অধিক ফলপ্রসূ পথ।






