হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে রাজশাহীতে AEFI সার্ভিলেন্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিরাপদ টিকাদান নিশ্চিত করতে নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে AEFI (Adverse Events Following Immunization) সার্ভিলেন্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা দ্রুত শনাক্ত ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে AEFI সার্ভিলেন্স কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এতে জনগণের আস্থা বাড়বে এবং টিকাদান কর্মসূচি আরও কার্যকর হবে।

তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও দায়িত্বপ্রাপ্তদের টিকাদান কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে AEFI সার্ভিলেন্সের গুরুত্ব, রিপোর্টিং পদ্ধতি এবং টিকাদান পরবর্তী সম্ভাব্য প্রতিক্রিয়া ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার শিশুদের টিকার আওতায় এনে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।