হরমুজে ইরানের দেওয়া নতুন চাপ

জাহাজ চলাচলে শুল্ক আরোপে এগোচ্ছে ইরান, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার শঙ্ক।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের আলোচক দলের সদস্য মাহমুদ নাবাভিয়ান বলেছেন, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে, তবে তা নির্ধারিত ফি পরিশোধের শর্তে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুটে নতুন অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাবাভিয়ান ইঙ্গিত দেন, এই পদক্ষেপটি লেবানন পরিস্থিতি এবং যুদ্ধবিরতির প্রেক্ষাপটের সঙ্গে সংশ্লিষ্ট। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেই দাবি করেছেন, এ দুটি ইস্যুর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্ক নিয়ে চলমান আলোচনায় দুই পক্ষের অবস্থান এখনো অস্পষ্ট। সম্ভাব্য সমঝোতা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত চুক্তি প্রকাশ হয়নি।

বিশ্লেষকরা বলছেন, প্রণালীতে শুল্ক আরোপের উদ্যোগ বাস্তবায়িত হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।