জেলা হাসপাতালগুলোতে জরুরি সতর্কতা জোরদার

সংকটাপন্ন রোগী শনাক্তে তাৎক্ষণিক রিপোর্ট ও দ্রুত রেফারের নির্দেশ।

টুইট প্রতিবেদক: সারা দেশের জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনা আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সংকটাপন্ন রোগী শনাক্তের সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে অবহিত করার ওপর জোর দিয়েছেন তিনি, যাতে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর নিশ্চিত করা যায়।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে আগেই নির্দেশ দেওয়া হয়েছে,যে কোনো রোগীর অবস্থা গুরুতর মনে হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয়ভাবে জানাতে হবে।

এতে চিকিৎসা ব্যবস্থাপনায় সময়ক্ষেপণ কমবে এবং রোগীর জীবন রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

তিনি একটি সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে জানান, বরিশালে সন্তান প্রসবের পর এক মায়ের শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।বর্তমানে মা ও নবজাতক দুজনেই চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর জটিলতা বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর এই বার্তা দেশের জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় তদারকি ও সমন্বয় আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ করে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত ও রেফারেল প্রক্রিয়া কার্যকর হলে মৃত্যুহার কমাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।