বিনা ভোটে সভাপতি নাছের

মনোনয়ন বাতিলে প্রতিদ্বন্দ্বী ছিটকে যাওয়ায় বাঁশখালী আইনজীবী সমিতিতে একক প্রার্থীই জয়ী

টুইট ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাছের।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় শেষ পর্যন্ত এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। কমিশনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই-বাছাই শেষে একমাত্র প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ে। ফলে বিধি অনুযায়ী অ্যাডভোকেট নাছেরকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে তিনি ২০২৪–২০২৫ সেশনে সরাসরি ভোটে একই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আইনজীবীদের মধ্যে তার সাংগঠনিক তৎপরতা ও সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই তিনি পরিচিত মুখে পরিণত হয়েছেন।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে। কমিশন জানিয়েছে, সমিতির অন্যান্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আগামী ২০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে স্থানীয় আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচন আইনজীবী সমাজে বাড়তি আগ্রহ তৈরি করেছে।