অতিরিক্ত কথা নয়, কাজেই বিশ্বাসী

ফরিদপুরে উপদেষ্টা তিতুমীরের বক্তব্য,সমতাভিত্তিক উন্নয়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার।
টুইট ডেস্ক: ফরিদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার ফুলঝুড়িতে নয়, বাস্তব কাজে বিশ্বাসী।
তিনি উল্লেখ করেন, সরকারের প্রথম দিকের সিদ্ধান্তগুলোতেই এর প্রতিফলন দেখা গেছে,কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ঋণ মওকুফ এবং স্বল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড চালুর মতো উদ্যোগ তার উদাহরণ।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি বলেন, দেশের উন্নয়নকে ভারসাম্যপূর্ণ করতে অঞ্চলভিত্তিক উদ্যোগ জোরদার করা হচ্ছে।
ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে একই ধরনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যা ধারাবাহিকভাবে অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করা হবে।
উপদেষ্টা তিতুমীর জোর দিয়ে বলেন, কর্মসংস্থানই সরকারের মূল লক্ষ্য। তার ভাষায়, পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক কাঠামো মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে শিক্ষিত তরুণদের মধ্যেও বেকারত্ব বেড়েছে। বিশেষ করে নারী বেকারের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরের মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে।
এই প্রেক্ষাপটে বর্তমান সরকার জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
দিনব্যাপী সফরে তিতুমীর জেলার শিল্প ও গবেষণা খাতের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় একটি পাটকল ঘুরে দেখে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
পরবর্তীতে দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






