সবজির বাজারে আগুন, বেশিরভাগ পণ্যের দাম ১০০ টাকার ওপরে।

সরবরাহ কম, মৌসুম শেষ ও পরিবহন খরচ বাড়ায় দামে ঊর্ধ্বগতি।

টুইট ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। অধিকাংশ সবজিই এখন ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই চড়া। বাজারে প্রতি কেজি পটল ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা ও বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

অন্যদিকে তুলনামূলক কম দামের সবজির মধ্যে রয়েছে— মূলা ও টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি।

রাজধানীর শান্তিনগর বাজার–এ বাজার করতে আসা এক ক্রেতা জানান, গত দুই সপ্তাহ ধরে সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। বেশিরভাগ সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হওয়ায় সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। বাজার মনিটরিংয়ের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিক্রেতাদের দাবি, মৌসুম শেষ হয়ে যাওয়ায় অনেক সবজির সরবরাহ কমেছে। পাশাপাশি পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

রাজধানীর মালিবাগ বাজার-এর এক বিক্রেতা জানান, নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত এ উচ্চমূল্য কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সার্বিকভাবে, সরবরাহ সংকট ও ব্যয় বৃদ্ধির কারণে সবজির বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।