রাসিক প্রশাসকের দ্রুত পদক্ষেপে স্বস্তি নগরবাসীর

দ্রুত সমাধান: প্রশাসকের নির্দেশে দুই নাগরিক ভোগান্তি নিরসন।

টুইট প্রতি‌বেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা দুইটি তাৎক্ষণিক নাগরিক সমস্যার দ্রুত সমাধান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসন। সরেজমিন তদারকি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একই দিনের মধ্যেই সমস্যাগুলো নিরসন হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজশাহী মহানগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের রড সড়কের ওপর ফেলে রাখায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালক ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। একই সময়ে পিএন স্কুলের পূর্ব পাশের একটি গলিতে ড্রেন নির্মাণকাজ চলায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই দুটি সমস্যা ফেসবুকে প্রকাশ পেলে তা রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচরে আসে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টায় রাসিকের প্রকৌশল বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দ্রুত সড়কের ওপর থেকে নির্মাণসামগ্রী অপসারণ এবং ড্রেনের ওপর স্লাব বসিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিকেলের মধ্যেই উভয় স্থানে কাজ সম্পন্ন হয়। সড়ক থেকে রড সরিয়ে ফেলা হয় এবং ড্রেনের ওপর স্লাব বসিয়ে গলিপথটি পুনরায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় এবং উপ-সহকারী প্রকৌশলী আজমল হুদা।

নগর ব্যবস্থাপনায় দ্রুত প্রতিক্রিয়া ও মাঠপর্যায়ের তদারকি যে নাগরিক ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে—এই ঘটনাটি তার বাস্তব উদাহরণ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অভিযোগ জানানোর কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার এবং প্রশাসনের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সংস্কৃতি নগর সেবাকে আরও জনবান্ধব করে তুলছে।