বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে সংসদে তীব্র ক্ষোভ

জ্বালানি সংকটের যুক্তি ঘিরে প্রশ্নের মুখে সিদ্ধান্ত—আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি।
টুইট প্রতিবেদক: জাতীয় সংসদে বার কাউন্সিল নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির সংসদ সদস্যরা।
মধ্যরাতে নোটিশ দিয়ে নির্বাচন স্থগিত করার ঘটনাকে কেন্দ্র করে জ্বালানি সংকটের ব্যাখ্যা নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি ওঠে সংসদে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শেষ পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এনসিপির রংপুর–৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের সময় নির্ধারিত থাকা সত্ত্বেও হঠাৎ করে তা স্থগিত করা হয়েছে।
স্থগিতের কারণ হিসেবে জ্বালানি সংকটের কথা উল্লেখ করা হলেও সরকারের বিভিন্ন বক্তব্যে এর সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সংসদে একদিকে জ্বালানি সংকট নেই বলা হচ্ছে, অন্যদিকে একই সংকট দেখিয়ে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত করা হচ্ছে,এটি স্পষ্টভাবে ব্যাখ্যার দাবি রাখে।
এ বিষয়ে আইনমন্ত্রী ও জ্বালানি মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে জবাবে বলেন, বিষয়টি শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে নয়, বরং আরও যৌক্তিক ও আইনি কারণ রয়েছে যা বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন পক্ষের অনুরোধ ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা বারসহ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার স্বার্থে সময় পরিবর্তনের অনুরোধ এসেছিল, যা বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় সংসদে রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।






