অবরোধে উত্তেজনা বাড়ছে

৪৮ ঘণ্টায় ১০ জাহাজ ফেরত,মার্কিন দাবি, তথ্য বলছে ভিন্ন চিত্র। 

টুইট ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

অবরোধ কার্যকরের প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী, যদিও স্বাধীন ট্র্যাকিং ডাটায় ভিন্ন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সোমবার থেকে শুরু হওয়া এই অবরোধ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো জাহাজই অবরোধ ভাঙতে সক্ষম হয়নি।

সর্বশেষ একটি জাহাজকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মাধ্যমে ইরানের দিকে ফেরত পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়।

তবে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য বলছে, বাস্তব চিত্র পুরোপুরি এক নয়।

মঙ্গলবারের ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, ইরানি বন্দর থেকে ছেড়ে আসা অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে। যদিও পরবর্তীতে কিছু জাহাজ আবার ফিরে গেছে।

সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, অবরোধ কার্যকর হওয়ার পর অন্তত সাতটি ইরান-সংশ্লিষ্ট জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যার মধ্যে তিনটি নিশ্চিতভাবে সামনের দিকে অগ্রসর হয়েছিল।

পটভূমিতে রয়েছে চলমান সামরিক উত্তেজনা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করে।

পরবর্তী সময়ে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় রোববার আনুষ্ঠানিকভাবে ইরানি বন্দরগুলোকে লক্ষ্য করে নৌঅবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা