১১ দলীয় ঐক্যের বৈঠক, আসছে নতুন কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন জোরদারের প্রস্তুতি।

টুইট ডেস্ক: রাজধানী ঢাকায় নতুন কর্মসূচি নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শুরু হওয়া এই বৈঠক বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।

বৈঠক শেষে একই স্থানে সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ আন্দোলনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করতেই এই বৈঠকের আয়োজন।

এর আগে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, গণসংযোগ, মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনারসহ সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করে জোটটি।

বৈঠকে আগামী দিনের কর্মসূচি আরও সুসংগঠিত ও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

নেতারা মনে করছেন, ধারাবাহিক আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ে চাপ সৃষ্টি করা সম্ভব।

প্রেস ব্রিফিংয়ে নতুন কর্মসূচির বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।