সরকারি শূন্যপদে নিয়োগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

টুইট প্রতিবেদক সরকারি, বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ পূরণে ধাপে ধাপে পরিকল্পনা নিয়েছে সরকার।

এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি,তিন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন শূন্যপদ পূরণে পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি পদ পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগেও বিদ্যমান শূন্যপদের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং নিয়োগ কার্যক্রমের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

এতে সার্বিক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা করছে সরকার।
সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং সপ্তদশ থেকে বিংশ গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে।

এছাড়া অনারারি ও চুক্তিভিত্তিকসহ অন্যান্য শ্রেণিতে রয়েছে ৮ হাজার ১৩৬টি শূন্যপদ।


প্রতিমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এই বিপুল সংখ্যক পদে নিয়োগ সম্পন্ন করতে সরকার কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি সেবার গতি বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।