দায়িত্ব পালনে আহত চিকিৎসক: ডা. শংকরের চিকিৎসা ব্যয়ে সরকারের পূর্ণ দায়িত্ব

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর আইসিইউতে সংকটাপন্ন অবস্থা; প্রয়োজনে বিদেশে চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
টুইট ডেস্ক: দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে দেখতে গিয়ে এ আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে একজন দক্ষ চিকিৎসকের এমন দুর্ঘটনায় পড়া অত্যন্ত দুঃখজনক।
প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার যাবতীয় ব্যয়,ইতোমধ্যে যা হয়েছে এবং ভবিষ্যতে যা প্রয়োজন সবই সরকার বহন করবে।
অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, ডা. শংকরকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।
গত ১২ এপ্রিল টিকা কার্যক্রম পরিদর্শনে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর। প্রথমে পটুয়াখালী ও পরে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একই রাতে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়, তবে উন্নতির জন্য নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
এই ঘটনায় দায়িত্ব পালনরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রশ্নটি আবারও সামনে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ যাতায়াত ও জরুরি সহায়তা ব্যবস্থার জোরদার করা এখন সময়ের দাবি।





