জনদুর্ভোগ নিরসনে রাসিক প্রশাসকের কার্যকর উদ্যোগ

জনদুর্ভোগে স্বস্তি, প্রশাসকের নির্দেশে দ্রুত সরানো হলো নির্মাণ সামগ্রী, পুনরায় চালু যান চলাচল।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণাধীন গোরহাঙ্গা (রেলগেট) রেলক্রসিং ফ্লাইওভার প্রকল্পের কাজ চলাকালীন বন্ধ হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
স্টেডিয়ামসংলগ্ন এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও নির্মাণ সামগ্রী সড়কের ওপর রেখে কাজ পরিচালনার কারণে দীর্ঘদিন ধরে ওই অংশে যান চলাচল বন্ধ ছিল। এতে স্থানীয় জনগণকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে গত ৭ এপ্রিল প্রকল্প এলাকা পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মো. মাহফুজুর রহমান রিটন। তিনি তাৎক্ষণিকভাবে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সাত দিনের মধ্যে সড়ক থেকে সকল ইকুইপমেন্ট ও মালামাল অপসারণের নির্দেশনা প্রদান করেন।
প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক থেকে সকল নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়। এতে সড়কটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর সড়কটি খুলে দেওয়ায় তাদের যাতায়াতে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষজন সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী প্রশাসনিক পদক্ষেপ ও কার্যকর তদারকির কারণে জনদুর্ভোগ দ্রুত নিরসন সম্ভব হয়েছে এবং চলমান ফ্লাইওভার প্রকল্পের কাজও এখন আরও শৃঙ্খলভাবে এগিয়ে যাবে।






