যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার সম্ভাবনা জোরালো

দুই দিনের মধ্যেই আলোচনার টেবিলে বসতে পারে ওয়াশিংটন ও তেহরান, ইঙ্গিত ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক গতিশীলতা
টূইট ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।
ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে।”
একই সঙ্গে তিনি পাকিস্তানকে ঘিরে কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গও উল্লেখ করেন, যা নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে।
সূত্র অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ বিভিন্ন পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে সেই বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়।এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তেহরান ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক বার্তা বিনিময় হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের আলোচনার ইঙ্গিত নতুন কূটনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি করছে।
তবে বাস্তব অগ্রগতি নির্ভর করবে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডা ও আস্থার পরিবেশের ওপর।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম (বিবিসি)






