হরমুজে উত্তেজনা: নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা কাতারের

প্রণালি খোলায় শর্ত নয়, আঞ্চলিক সমাধানেই জোর,নতুন দফা আলোচনার ইঙ্গিত।

টুইট প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালির নিরাপত্তা কোনোভাবেই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না,এমন কঠোর বার্তা দিয়েছে কাতার।

দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, প্রণালিটি পুনরায় চালু করতে কোনো ধরনের শর্ত আরোপ গ্রহণযোগ্য নয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক ব্রিফিংয়ে জানান, প্রণালির চলাচল স্বাভাবিক করতে এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব কমাতে অংশীদার দেশগুলোর সঙ্গে জোরালো যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব দেশের যৌথ দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, চলমান সংকটের টেকসই সমাধান কেবল আঞ্চলিক কাঠামোর মধ্য দিয়েই সম্ভব।

এ ক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্রগুলোর পাশাপাশি যেসব দেশ সরাসরি এই প্রণালির ওপর নির্ভরশীল, তাদের সবাইকে আলোচনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করে কাতার।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি প্রশমনে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে পাকিস্তান একটি সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে।

কাতার ইতোমধ্যে এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং মধ্যস্থতাকারী ভূমিকায় সক্রিয় রয়েছে।

শুরু থেকেই স্থায়ী সমাধান ও যুদ্ধবিরতি জোরদারের পক্ষে অবস্থান নিয়ে আসা কাতার মনে করছে, বর্তমান উত্তেজনা কমাতে সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টা ছাড়া বিকল্প নেই।

ঔএ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে দেশটি।