কৃষিনির্ভর অঞ্চলে শিল্পায়নের উদ্যোগ নেবে সরকার

কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ ও সংশ্লিষ্ট কারখানা স্থাপনের ঘোষনা ।
টুইট ডেস্ক: টাঙ্গাইল, ১৪ এপ্রিল ২০২৬: কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ও কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং কৃষি অর্থনীতিতে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ননমঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকার কোল্ড স্টোরেজ স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের পুনর্গঠন এখন সময়ের দাবি। জনগণের সমর্থন নিয়ে একটি উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।
কৃষকের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, কৃষিখাতে ১০টি সুবিধা সম্বলিত কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা আরও সহজলভ্য হবে। দেশের একটি বড় অংশ কৃষির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, কৃষককে সচ্ছল করা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন কৃষক কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।






