রাজশাহীর দুর্গাপুরে ভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) লায়লা নূর তানজু। সভায় ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মৎস্য অফিসার মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, মহান ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন ও নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত এসব কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বলে আশা প্রকাশ করা হয়।






