পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

টুইট ডেস্ক : অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার বলেন, পাকিস্তান সফর তাঁর জন্য স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসনীয়।

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে জানান স্পিকার।

অনুষ্ঠানে লাহোর চেম্বারের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

লাহোর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে চেম্বারের সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা। অনুষ্ঠানে লাহোর চেম্বারের সাবেক ও বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন।