জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সম্মিলনে অংশ নিয়েছেন ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ।

টুইট ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আয়োজকেরা।

সম্মিলনে দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।